ব্যাংক-টু-ব্যাংক ডিজিটাল লেনদেন আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা সেবা ফির সর্বনিম্ন হার ভ্যাটসহ ১ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ-২ (PSD-2) ১ মে, বুধবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। নির্দেশনাটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, এর আগে জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) প্ল্যাটফর্মে পরিচালিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধে পয়েন্ট অব সেল (POS) ও বাংলা কিউআরভিত্তিক লেনদেনের জন্য মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সীমা নির্ধারণ করা হয়েছিল।
নতুন নির্দেশনায় বিদ্যমান সার্কুলারের অন্যান্য ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত রেখে শুধু বাংলা কিউআরভিত্তিক মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে এমডিআরের সর্বনিম্ন হার পুনর্নির্ধারণ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ব্যাংক হিসাব, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP) ব্যবহার করে বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ এমডিআর আদায় করতে পারবে।
তবে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে উৎসাহ দিতে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে বিভিন্ন প্রোমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও টেকসই করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।